আগামী তিনদিন দেশে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। করোনার কারণে দীর্ঘদিন দেশের বেশিরভাগ সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে সব চালু হচ্ছে। এরই মাঝে সম্ভাব্য বৃষ্টির কথা জানা গেল।
আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে দেশের উপকূলীয় এলাকাগুলোতে স্বল্প উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। এজন্য সমুদ্রবন্দর সমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বার্তাবাজার/এসজে