সিলেটে তেমুখি মৎস্য আড়তে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাজার সংলগ্ন এলাকায় টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে স্থানীয় সাহেবের গাওর সিরাজুল হক ও আকমল হোসেনের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা নিয়ে ব্যবসায়ীদের সাথে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। থানা পুলিশসহ এলাকার মুরব্বিরা একাধিকবার এই বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হন। গত রমজান মাসে স্থানীয় লোকজন রাস্তার মধ্যখানে বাঁশ দিয়ে মাছের আড়তে ট্রাক প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গতকাল বুধবার রাতে রাস্তার উপর পাঁকা পিলার দিয়ে তারা রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু বৃহস্পতিবার সকালে বাজারে মাছ নিয়ে দুটি ট্রাক এলে ব্যবসায়ী ও শ্রমিকরা পিলার তুলে খুলে দিয়ে ট্রাক ঢুকাতে চান। তখন তাদের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এসময় ৪ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন।
এ ব্যপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ বলেন, রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে জড়িত দু’পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।
পূর্বে ব্যবসায়ীদের দেয়া অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ব্যবসায়ীদের অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছিল।
বার্তাবাজার/কে.জে.পি