রাজধানীর ব্যয়বহুল হাসপাতাল বলে খ্যাত ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে ৫ জন নিহত হওয়ার ঘটনাকে অপমৃত্যু হিসাবে উল্লেখ করে মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতরাতে (বুধবার) রাজধানীর গুলশানের এই হাসপাতালটিতে আলাদাভাবে করোনা ইউনিটের জন্য চালু করা তাঁবুতে লাগা আগুনে সেখানে চিকিৎসাধীন ৫ জন মারা যায়। কিন্তু কর্তৃপক্ষ লাশ উদ্ধারের ঘন্টাখানেকের মাথায় গুলশান থানায় এই মৃত্যুকে অপমৃত্যু হিসাবে আখ্যা দিয়ে মামলা করে।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই সিনথিয়া আক্তার।
পুলিশের এই কর্মকর্তা জানায়, গতরাত সাড় ১১ টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এই মামলাটি দায়ের করে। ৮ নাম্বারের এই মামলাটিতে পুরো ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসাবে উল্লেখ করা হয়েছে।
মামলা দায়েরের পর রাত ২টার দিকে নিহত ৫ জনের মাঝে যে ২ জন করোনা আক্রান্ত নয় তাদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়। পরিবারের কোনো অভিযোগ শোনার আগেই তারা মামলাটি দায়ের করে।
এদিকে, এই অগ্নিকান্ডের ঘটনা তদন্তের জন্য ৭ দিনের সময় নিয়ে প্রতিবেদন দাখিল করবে ফায়ার সার্ভিস। পরে তারা তদন্ত প্রতিবেদনটি পুলিশের কাছে জমা দেবেন। পুলিশ প্রতিবেদন অনুযায়ী মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে