কুড়িগ্রামের উলিপুরের ব্রক্ষপুত্র নদে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) বিকেল ৫টার দিকে
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ব্রক্ষপুত্র নদে এ ঘটনা ঘটে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার জানান, ইউনিয়নের কলাকাটারচর নামক স্থানে একটি বিয়ের বৌভাত অনুষ্ঠান থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় কনে পক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘাটে ফিরছিলেন। ফেরার পথে সাতভিটা নামক স্থানে ঝড়বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আমেনা বেগম নামে এক নারীসহ চারজন নিখোঁজ হন।
খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তারা নিখোঁজদের গতকাল উদ্ধার করতে পারেননি। আজ বৃহস্পতিবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করার. পর নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নূর মিয়া(৫০) আমেনা বেগম (৬১) ,নুর ইসলাম (৫২) ও মোঃ কামরুজ্জামান(৫০)। এরা সবাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বাসিন্দা।
নৌকা থেকে সাতরিয়ে উঠা যাত্রীদের মধ্যে কয়েকজন জানান, বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা একটি পলিথিনের নিচে একসঙ্গে অনেকে আশ্রয় নিতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নদীতে বাতাসের বেগ থাকায় মাঝি নৌকা নিয়ন্ত্রণ করতে পারেননি। নৌকা ডুবির বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বার্তা বাজারকে জানান, স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চালালেও বুধবার রাত পর্যন্ত চারজন নিখোঁজ ছিলেন। আজ সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করায় নিখোঁজদের লাশ উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এমকে