মেহেরপুর জেলার গাংনীতে বড় ভাইয়ের পর এবার বোনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্ত ব্যাক্তি গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা।
আজ বুধবার (২৭ মে) সন্ধ্যায় করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন জানান, গত ২৩ মে শনিবার জুলেখা খাতুনের ভাই নওদাপাড়া গ্রামের বাসিন্দা মাহাতাব আলীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।
এরপর মঙ্গলবার তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। ল্যাবে পরীক্ষার পর মাহাবতাব আলীর বোন জুলেখা খাতুন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম সাংবাদিকদের জানান,করোনায় আক্রান্ত দু’ভাই-বোন সুস্থ্য রয়েছে। তাদের সার্বিক খোঁজ-খবর নেয়া হচ্ছে। এছাড়া করোনায় আক্রান্তদের বাড়িসহ পার্শ্ববর্তি ১০টি বাড়ির সদস্যদের লকডাউনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
গাংনী উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান সাংবাদিকদের জানান, যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। এটা নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে।
এদিকে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সাথে মানবিক আচরণ করতে সকলের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
কেএ/বার্তাবাজার