বিএনপির রাজনীতি আইসোলেশনে থাকে : সেতুমন্ত্রী

যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি এখন আইসোলেশনে থাকে।

সেতুমন্ত্রী বলেন, লকডাউনের নামে জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টির অপকৌশলই বিএনপির মনের কথা। শেখ হাসিনা সরকার দক্ষতা ও সাহসিকতা এবং অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করেই জীবন ও জীবিকার ভারসাম্য তৈরি করার চেষ্টা করছেন।

বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপির নেতারা সবসময় ঝাঁঝালো কিছু শব্দ চাতুর্য্যের মাধ্যমে প্রয়োগ করে ফায়দা হাসিলের অপচেষ্টা করে। সমন্বয়হীনতার কথা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কি বোঝাতে চেয়েছেন- তা স্পষ্ট নয়। বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন তিনি।

দেশবাসীকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মনে সাহস রাখতে হবে। দুর্যোগের এ অমানিশায় পাশে আছেন একজন শেখ হাসিনা, যিনি আলো হাতে আঁধারের কাণ্ডারি। তাই অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাবার কোনো কারণ নেই। সুড়ঙ্গ শেষেই রয়েছে আশার আলো।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর