বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেলো ছেলে!

শরীয়তপুরের সুরেশ্বর উপজেলার একটি গ্রামের দুই সন্তানের জননী ৭০ বছরের আমেনা বেগম। তার দুই সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে। দুইজনকেই বিয়ে দিয়েছেন, এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত।

বৃদ্ধ আমেনা বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তিনি থাকতেন ছেলে ও তার ছেলের বউয়ের সাথে, কিন্তু বৃদ্ধ মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিতে চান না ছেলে। আর তাই বৃদ্ধ “মা”কে বোঝা মনে করে রাতের আধারে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ছেলে সুজন।

গতকাল মঙ্গলবার (২৬ মে) আনুমানিক রাত ১১ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ছোট মসজিদ এলাকায় রাস্তার পাশে মা কে বসিয়ে রেখে চলে যায় ছেলে। এতে গত রাতের শক্তিশালী কালবৈশাখী ঝড়-বৃষ্টির মধ্যে সারারাত রাস্তায় পরে ভিজেছে বৃদ্ধা আমেনা বেগম।

পরে আজ বুধবার সকালে স্থানীয়রা বিষয়টি কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকারকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বৃদ্ধা জানান, তার নাম আমেনা বেগম, গ্রামের বাড়ি সুরেশ্বর এলাকায়। তার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম সুজন। গতকাল মঙ্গলবার রাতে ছেলে সুজন তাকে বলে, “মা তুমি এখানে বসো আমি একটু পরে এসে নিয়ে যাবো”, কিন্তু ছেলে আর তাকে নিতে আসে নি। এর বেশি কিছু সে বলতে পারে নি।

এ ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, বৃদ্ধ মহিলাটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আন হলে আমরা তাকে ভর্তি রাখি। প্রাথমিক চিকিৎসা চলছে। তবে পরীক্ষা নিরিক্ষার পর বাকি বিষয়গুলো জানা যাবে। এসময় তিনি বলেন ৭০ বছর বয়সী একজন মাকে এভাবে রাতের আঁধারে রাস্তায় রেখে যাওয়ার বিষয়টা ভাবতেও কষ্ট হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর