সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ভেঙ্গে যাওয়া ২৩ টি পয়েন্টের বেঁড়ি বাঁধগুলো সংস্কারে স্থানীয় হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ চালিয়ে যাচ্ছেন। জোয়ারের পানি ঠেকাতে এলাকাবাসীর প্রানপণ এই চেষ্টা অব্যাহত রয়েছৈ।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, শ্যামনগর উপজেলার গাবুরার লেবুবুনিয়া, কাশিমাড়ি’র কোলা ও বুড়িগোয়ালিনীর দাতিনাখালি বাদ বাকীসব পয়েন্টের বেঁড়িবাঁধ গুলো পানি উন্নয়নবোর্ডের সহযোগিতায় স্থানীয় জনতা রিংবাঁধ দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ গুলো সংস্কার করছেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বুধবার সকাল থেকে উপকুলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একই সাথে ঝড়ো বাতাস বইছে। এর সাথে নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে, স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি আরো জানান।
এদিকে, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর আওতাধীন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৩ টি পয়েন্টে স্থানীয় জনতা স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ দিলেও বাকী ৫টি পয়েন্টে বেঁড়িবাঁধ এখনও সংস্কার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। তবে, স্থানীয় হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে এ সব বেঁড়িবাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে, ভাঙন কবলিত এলাকার মানুষের দাবী ত্রান চাইনা, টেকসই বেঁড়িবাঁধ চাই।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় স্থানীয় জনতা বেঁড়িবাঁধ গুলো রিং বাঁধ দিয়ে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কয়েকটি পয়েন্টে রিংবাঁধ সম্পন্ন হয়েছে।
খুব দ্রুতই বাকী পয়েন্ট গুলোর বেঁড়িবাঁধ রিংবাঁধের মাধ্যমে সংস্কার সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তবে, তিনি নিজেই সে গুলো দেখভাল করছেন বলে জানান। তিনি আরো জানান, ভাঙন কবলিত এলাকায় যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন তাদের জন্য ইতিমধ্যে ৫০ মেট্রিকটন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
কেএ/বার্তাবাজার