করোনা পরিস্থিতির মধ্যে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।
বুধবার (২৬ মে) সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এসপিএ জানিয়েছেন, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এই গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের সীমান্তের এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।
বার্তাবাজার/এমকে