যমুনায় নৌকাডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

করোনা পরিস্থিতির মধ্যে সিরাজগঞ্জের চৌহালীতে এনায়েতপুরে যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২জন। তবে নিহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৭ মে) সকালে উপজেলার পৃথক স্থান থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৬ মে) দুপুরে চৌহালী উপজেলার স্থলচর এলাকায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ বলেন, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারণে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার তিনজন ও বুধবার সকালে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১২ জন যাত্রী।

তিনি আরও বলেন, যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর