পঞ্চগড়ের সদর উপজেলায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ ঢাকা ফেরত আরো ৪ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। মঙ্গলবার রাতে ৪ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,আক্রান্তদের বাড়ি জেলার সদর উপজেলার গরিনাবাড়ি, ধাক্কামারা ও সদর ইউনিয়নে। এদের দুইজন গার্মেন্টস কর্মী, একজন আবাসিক হোটেলের ম্যানেজার ও একজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সম্প্রতি তারা ঢাকা হতে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। তখন থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২১,২২, ও ২৩ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর আজ তাদের করোনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১০০৮ জনের নমুনা সংগ্রহ করার পর ৯৯০ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ এসেছে। ইতিমধ্যে ১০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং একজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
কেএ/বার্তাবাজার