প্রাণঘাতী করোনভাইরাসে আক্রান্ত হওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় টেলিফোনে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন।
এছাড়াও সন্ধ্যায় খালেদা জিয়ার পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীর জন্য ফলমূল ও একগুচ্ছ ফুল পাঠানো হয়। বেগম জিয়ার পক্ষে দেয়া ফলমূল ও ঈদের শুভেচ্ছা তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির গণস্বাস্থ্য কার্যালয়ে পৌঁছে দেন।
এ বিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল এবং ঈদের শুভেচ্ছা হিসেবে একগুচ্ছ ফুল পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় ম্যাডাম জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে জাফরুল্লাহ চৌধুরীও ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
গতকাল সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করে। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে আছেন।।
বার্তা বাজার / ডি.এস