সাতক্ষীরা তালার দোহার-মাদরা গ্রামে টিআরএম এর বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ও ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার সকালে টিআরএম বাঁধের উপর মানববন্ধন’র আয়োজন করা হয়।
সুপার সাইক্লোন আম্পানের আঘাতে উপজেলার দোহার ও মাদরা গ্রাম সংলগ্ন টিআরএম’র বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে যায়। এতে সংলগ্ন খাল ও নিচু এলাকা কপোতাক্ষের পানিতে ইতোমধ্যে প্লাবিত হয়েছে। ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা-১ (তালা, কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল ও পানি উন্নয়ন বোর্ড’র কর্মকর্তারা পরিদর্শন করেন।
কিন্তু সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এখনও ঘটনাস্থল পরিদর্শন করেননি বা বাঁধ সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহন করেননি। যেকারনে যেকোনও সময়ে বাঁধের আরো ভাঙ্গন হয়ে ব্যপক এলাকা প্লাবিত হয়ে কোটি কোটি টাকার ক্ষয়-ক্ষতি হবার আশংকা দেখা দিয়েছে। একারনে, দ্রুত বাঁধটি সংস্কারের ন্যায়সঙ্গত দাবীতে ক্ষুব্ধ এলাকাবাসী উক্ত মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি। বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়’র শিক্ষক রথীন্দ্রনাথ সরকার, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক হিরন্ময় মণ্ডল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিবব্যেন্দু সরকার, আওয়ামীলীগ নেতা জলিল মোড়ল, নজরুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান, কামাল শেখ ও এমাদুল শেখ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে দোহার ও মাদরা গ্রাম সংলগ্নে কপোতাক্ষ নদ খনন প্রকল্পের টিআরএম বাঁধের ৭টি স্থান ভেঙ্গে যায়। ফলে ওই স্থান দিয়ে কপোতাক্ষ নদের পানি প্রবেশ করায় এলাকা প্লাবিত হচ্ছে। বিষয় অবহিত হবার পরও প্রশাসন কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি। যে কারনে টিআরএম এর বাঁধ যে কোনও সময় আরো ভেঙ্গে যেয়ে ৮/১০টি গ্রাম প্লাবিত হতে পারে।
এবিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, আম্পানের আঘাতে টিআরএম’র বাঁধ ভেঙ্গে যাবার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে পানি নিম্ন এলাকায় প্রবেশ করছে। এছাড়া বাতাশে পানির বড় বড় ঢেউ তৈরি হয়ে বাঁধে আঘাত করায় যে কোনও সময় পুরো বাঁধ ভেঙ্গে যেতে পারে। একারনে, অতিদ্রুত টিআরএম’র পুরো বাঁধ সংস্কার সহ ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের জন্য তিনি জোর দাবী জানান।
উল্লেখ্য, কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নের জন্য তালার বালিয়া গ্রামের পাখিমারা বিলে টিআরএম প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রায় ২ হাজার ২শ’ বিঘা আয়তনের বিলে টিআরএম প্রকল্প শুরুর আগে বিলের চারিপাশে বন্যা নিয়ন্ত্রন বাঁধ তৈরি করা হয়।
এই বাঁধ নির্মানের শুরুতেই দূর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। যারমধ্যে অন্যতম ছিল নিয়ম না মেনে যেনতেন ভাবে বেড়িবাঁধ নির্মান। যারফলে প্রতিবছর অতিবৃষ্টি ও কপোতাক্ষ নদের পানির চাঁপ সহ ঝড়বৃষ্টির চাঁপ বাড়লেই বেড়িবাঁধ ভেঙ্গে বিল সংলগ্ন এলাকার গ্রাম প্লাবিত হচ্ছে।
কেএ/বার্তাবাজার