বগুড়ার সোনাতলা থানা কর্তৃক উদ্ধারকৃত ১৮ বস্তা চাল পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোতালেবের ছেলে মামুনের বলে জানা গেছে। আব্দুল মোতালেব সৈয়দুপর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জেলা পরিষদ সদস্যা সামছুন্নাহারের স্বামী। তাদের ছেলে মামুন মিয়া সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ওই ইউপির ডিলার।
এনিয়ে এলাকায় শোরগোল পড়লেও অজ্ঞাত কারনে এখনও মামলা দেয়নি সোনাতলা থানা পুলিশ। বিশ্বস্হ সুত্রে আরো জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচির চাল গরীবদের না দিয়ে ঈদের আগের রাতের আঁধারে চারটি ভ্যানে সোনাতলা উপজেলায় বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
চাল নিয়ে ভ্যানগুলো ফজরের আযানের সময় বোচারপুকুর এলাকায় পৌছিলে তাদের দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে কৌশলে ভ্যানসহ চাল রেখে চালকরা পালিয়ে যায়। পরে পুলিশ ভ্যানসহ চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরজমিনে বোচারপুকুর গেলে এলাকার অনেকে বার্তাবাজারকে জানান, ভ্যানচালকরা তাদের জানিয়েছেন চালগুলো সৈয়দপুর ইউপির মোতালেব মেম্বার ও তার ছেলে মামুনের। এছাড়াও উদ্ধারকৃত ১৮ বস্তা চালের খবর নিতে সৈয়দপুর ইউনিয়নে গেলে থলের বিড়াল বেরিয়ে আসে। এলাকাবাসীর মুখে মুখে মোতালেব মেম্বার ও তার ছেলের চাল চুরির খবর।
এছাড়াও মোতালেবের বিরুদ্ধে নিজের ছেলেকে ডিলারশীপ পাইয়ে দিয়ে এর আগেও গরীব মানুষদের চাল না দিয়ে বিক্রির অভিযোগ করেন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, মোতালেব মেম্বার ও তার ছেলে মামুনের নির্দেশে জগন্নাথপুর গ্রামের মিনহাজ মিয়ার ছেলে ফারুক, ঠান্ডা মিয়ার ছেলে মিনারুল, মানকৈর গ্রামের আমজাদের ছেলে মিষ্টার ও একই গ্রামের আতাউলের ভ্যানে করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরকারি বস্তা থেকে প্লাস্টিকের বস্তায় ভরে সোনাতলায় বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল। এবিষয়ে ভ্যানচালকদের সাথে কথা বললে তারা সত্যতা স্বীকার করলেও অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ক্যামেরার সামনে আসতে রাজি হননি।
এবিষয়ে ইউপি সদস্য আঃ মোতালেব উল্টো প্রশ্ন করে বলেন, আমার নামে কি ডিও হয়েছে? এবিষয়ে কিছু বলতে পারবো না। আপনারা খুঁজে নেন। তার ছেলে পালিয়ে আছে কেন, এমন প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহেল মাসুদ বলেন, চালগুলো ভ্যানসহ পরিত্যক্ত অবস্হায় পাওয়ায় জিডি করে থানায় রাখা হয়েছে। তদন্ত করে কারা এর সাথে জড়িত বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ৎ
কেএ/বার্তাবাজার