এক খুন ধামাচাপা দিতে আরও ৯ খুন!

গত সপ্তাহে ভারতে একটি কুয়া থেকে ৯ জনের লাশ উদ্ধার করার পর ধারণা করা হয়েছিল এটা আত্মহত্যা। তবে পরে জানা গেল এটি আত্মহত্যা নয়, হত্যা। মূলত একটা খুন লুকাতে ৯ খুনের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত সপ্তাহে ভারতের তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় একটি কুয়ায় ৯ জনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সঞ্জয়কুমার যাদব নামে ২৪ বছরের এক যুবককে সোমবার গ্রেফতার করে পুলিশ।

একই পরিবারের ৬ জন ও বিহারের দুজন এবং ত্রিপুরার একজনকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশের দাবি, গত মার্চে এক নারীর হত্যাকাণ্ড চাপা দিতেই এই খুনের ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত যুবক। তিনি ঐ ৯ জনের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তারপর তারা অচেতন হয়ে পড়লে তাদের কুয়ায় ফেলে দেন।

ওয়ারাঙ্গাল পুলিশ কমিশনার ভি রবিন্দর সাংবাদিকদের জানান, ৬ মার্চ ঐ নারীকে খুন করা হয়। এরপর এ ঘটনা চাপা দিতে ঐ যুবক খুনগুলো করেন। অভিযুক্ত যুবক খুনের কথা স্বীকার করেছেন। গত সপ্তাহে নিহত পরিবারের লাশগুলো উদ্ধার হয়। তারা হলেন- মকসুদ, তার স্ত্রী, তাদের দুই পুত্র, কন্যা বুশরা ও তার ৩ বছরের পুত্র। সকলকেই হত্যা করেছেন সঞ্জয়।

পুলিশ জানায়, নিহত ৯ জনের মধ্যে সাতজনই একটি ব্যাগ কারখানায় কাজ করতেন। মকসুদ পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। ২০ বছর আগে তিনি সেখান থেকে তেলেঙ্গানায় চলে আসেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তার পরিবার দুই কামরার বাড়িতে বাস করত। জানা যাচ্ছে, মকসুদের স্ত্রী প্রায়ই সঞ্জয় যাদবকে হুমকি দিতেন যে, তিনি নিখোঁজ ঐ নারীর বিষয়ে পুলিশকে জানাবেন। এরপরই খুনের পরিকল্পনা শুরু করেন বিহার থেকে আসা সঞ্জয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর