নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে তিনটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার চারাইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া (৩৫) এবং নীল ফামারি জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহত দুইজন রিকশাচালক এবং কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহয়াসড়কে ঢাকামুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স কাঁচপুরে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় অ্যাম্বুলেন্সটি পর পর দুইটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা দুইটি এবং এ্যাম্বলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন রিকশা দুইটির চালক দুইজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধারসহ অ্যাম্বুলেন্স টি আটক করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, ঘাতক অ্যাম্বুলেন্সের চালককে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডি.এস