করোনার মধ্যে ৬০০ কর্মীকে চাকরিচ্যুত করল উবার

করোন মহামারিতে লকডাউনের মধ্যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ার কারণে ভারতে ৬০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার।

মঙ্গলবার (২৬ মে) সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

উবারের ভারত এবং দক্ষিণ-এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, কোভিড ১৯-এর প্রভাব এবং পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠার জন্যই কর্মী সংখ্যা কমানো ছাড়া আরও কোনও পথ খোলা নেই সংস্থাটির সামনে। দিনটিকে ‘অত্যন্ত দুঃখের দিন’ হিসাবেও ব্যাখ্যা করা হয়েছে ওই বিবৃতিতে।

আরও বলা হয়েছে, গোটা বিশ্বজুড়েই উবারের যে কর্মী সঙ্কোচন করছে; এটা তারই অংশ।

গত সপ্তাহে উবার ইন্ডিয়ার মূল সংস্থা উবার টেকনোলজিস জানিয়ে দেয়, বিশ্বজুড়েই তারা ২৩ শতাংশ কর্মী ছাঁটাই করবে। অন্তত ৬ হাজার ৭০০ কর্মীর ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই তিন হাজার ৭০০ কর্মীকে আগেই ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল সংস্থাটি। এ দিন অবশ্য ভারতে সংস্থাটির চার ভাগের এক ভাগ কর্মীকেই ছেঁটে ফেলার কথা জানিয়ে দেয়া হয়েছে।

এদিকে ছাঁটাই হওয়া কর্মীদের প্রত্যেককে ১০ সপ্তাহের আগাম বেতন দেবে বলে জানিয়েছে উবার। সেইসঙ্গে ওই সব কর্মীকে আরও ছয়মাস স্বাস্থ্যবীমা পরিষেবার আওতায় রাখার কথা বলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর