সামনে কঠিন সময় আসছে: ওবায়দুল কাদের

সামনে দেশের জন্য আরো কঠিন সময় আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রেহাই পেতে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই। ঈদের সময় ও এর প্রাক্কালে গ্রামে ও শহরে মানুষের অবাধ বিচরণ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। সামনের কঠিন সময় আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি। ধৈর্যহারা না হয়ে সাবধানতা অবলম্বন করি।

মঙ্গলবার (২৬ মে) সরকারি নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে শৈথিল্য ভাব সৃষ্টি হয়েছে। অধিকাংশ মানুষের মধ্যে ধৈর্য ও শৃংখলার ঘাটতি দেখা যাচ্ছে। অনেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে তুলছেন না। স্বাভাবিক সময়ের মতো ঘোরাফেরা করছেন হাট-বাজারে, ভিড়ে জনসমাগমে অংশ নিচ্ছেন। এতে শহরে গ্রামে সর্বত্রই সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দয়া করে আসুন সবাই সচেতন হই। স্বাস্থ্যবিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলি। কারণ প্রতিকার সমাধান নয়, এ ভাইরাস থেকে বাঁচতে ও সুরক্ষা পেতে প্রতিরোধের বিকল্প নেই। আপনার সামান্যতম শৈথিল্য নিজ পরিবার এবং পার্শ্ববর্তী সবার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর