বিএনপির নেতারা পুরনো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন তারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগারের মরচে ধরা সমালোচনার তীর ছুড়ছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।
মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবরও নেবেন না। অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন। পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি।
তিনি বলেন, সরকার একদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছে। এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা দেয়া- মিথ্যাবাদী রাখাল বালকের গল্পের মতো বিষয়টি।
কাদের বলেন, করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগই জনগণের পাশে থাকে, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে, কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে না নিয়ে স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে হাট বাজারে জনসমাগম করছেন। এ উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছে এবং পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি