ঈদের দিন বৃদ্ধা মাকে সড়কে ফেলে গেল ৩ ছেলে

বৃদ্ধা মায়ের ভরণ-পোষণের দায়িত্ব না নিয়ে ছিরাতুন্নেছা নামে এক ৮০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে জয়পুরহাটে। এ ঘটনায় তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃদ্ধা ছিরাতুন্নেছা জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী। এ ঘটনায় তার তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক।

জানা গেছে, ঈদের দিন ওই বৃদ্ধাকে সড়কে আহাজারি করতে দেখে ৯৯৯-এ কল করে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ওই রাতে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে নিয়ে যায়।

ছিরাতুন্নেছার নাত-বৌ শিল্পী আক্তার জানান, সোমবার রাতে তিনজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, আটকরা কৌশলে মায়ের সব জমি তাদের নামে লিখে নেয়। তারা দীর্ঘদিন ধরে ছিরাতুন্নেছাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিল। সোমবার সকালে ভরণ-পোষণের নেবে না জানিয়ে তিন ছেলে বৃদ্ধা মাকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। ৯৯৯-এ কল পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। পরে তার ছেলেদের আটক করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর