করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা স্থগিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনাভাইাস চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২৫ মে) সংস্থাটি জানিয়েছে, সতর্কতা হিসেবে কয়েকটি দেশে সাময়িকভাবে এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক এক মেডিক্যাল গবেষণায় ওষুধটি ব্যবহারে কোভিড-১৯ রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে পরিচিত এই ওষুধটি করোনা চিকিৎসায় ব্যবহারের পক্ষে দীর্ঘদিন ধরেই বলে আসছেন ট্রাম্প। তবে এর কার্যকারিতা নিয়ে সন্দেহপোষণ করে আগেই সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

গত সপ্তাহে ল্যানচেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক জরিপে বলা হয়, করোনাভাইরাস রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা দেওয়ায় কোনও লাভ নেই। এমনকি এতে মৃত্যুঝুঁকিও বাড়তে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার চিকিৎসায় নিরাপদ আর লিউপাস কিংবা আর্থারাইটিসের মতো লক্ষণ চিকিৎসাতেও এটি নিরাপদ। কিন্তু কোনও মেডিক্যাল পরীক্ষায় করোনাভাইরাস চিকিৎসায় এটি ব্যবহারের সুপারিশ করা হয়নি।

মরণঘাতী করোনাভাইরাস চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা যায় তানিয়ে বেশ কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষা চালাচ্ছে ডব্লিউএইচও। সোমবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব পরীক্ষার তালিকা থেকে বাদ পড়বে হাইড্রোক্সিক্লোরোকুইন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর