ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী ঘরের দরজা ভেঙে পালিয়ে যায়। পলায়নের দুই ঘন্টা পর সাড়াশি অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর যৌথ সহয়তায় তাকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কুচিয়াগ্রামে লকডাউনে থাকা একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, করোনায় আক্রান্ত ওই ব্যক্তিটি একজন মানসিক ভারসাম্যহীন রোগী। গত রবিবার সকালে করোনা পরীক্ষায় পজেটিভ আসায় তার ঘরটি আইসোলেশনের জন্য নির্বাচন করে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। ঘরের বাইরের দিক থেকে তালা থাকলেও দরজা ভেঙে ওই ব্যক্তি পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই ব্যক্তির সন্ধানে মাঠে নামে পুলিশ। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বার্তা বাজারকে জানান, ‘করোনা আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দুই ঘন্টা অভিযানের পর তাকে উপজেলার চান্দড়া উত্তরপাড়া এলাকা থেকে আটক করা হয়।’
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বার্তা বাজারকে জানান, ‘রোগীর শরীরে বাহ্যিক তেমন কোন লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশনে না রেখে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছিলো।
সেই সাথে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। কিন্তু সে সকলের অজান্তে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে পুলিশের সহয়তায় চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে এম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কেএ/বার্তাবাজার