ফেনীতে নতুন আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষাগার থেকে প্রতিবেদনে এই ৬ জনের করোনা পজিটিভ এসেছে। জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রাজধানীর একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক যুবক। সম্প্রতি সেখান থেকে ফেরার পর গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন ও রাজাপুর ইউনয়নে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের একজন ভূমি কর্মকর্তা ও অপর দুইজন ঢাকা থেকে ফিরেছেন। গত ১৯ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। অপর দুইজন সোনাগাজী সদর ও মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা।
এ পর্যন্ত ফেনীতে ১ হাজার ২শ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে পর্যন্ত ১ হাজার ৯৫ জনের প্রতিবেদন আসে।
ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভুঞার ১৪ জন, সোনাগাজীতে ৯ জন, পরশুরামে ৭ জন, ফুলগাজীতে ৪ জন। অপর তিনজন পাশ্ববর্তী উপজেলা মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।
বার্তাবাজার/এমকে