করোনায় ব্রাজিলে বেশি মৃত্যু আমাজনের আদিবাসীদের

ব্রাজিলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরমধ্যে মারা যাচ্ছে দেশটির আমাজনের গহীন অরণ্যের আদিবাসীরা। তাদের এলাকাগুলোতে হাসপাতাল ও অন্যান্য মৌলিক অবকাঠামোর অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর সিএনএন ও আলজাজিরার।

ব্রাজিলে আদিবাসীদের করোনায় আক্রান্ত ও প্রাণহানির বিষয়টি পর্যবেক্ষণ করছে স্থানীয় আদিবাসীদের সংগঠন অ্যাডভোকেসি গ্রুপ আর্টিকুলেশন অব ইনডিজেনাস পিপলস অব ব্রাজিল (এপিআইবি)। সংস্থাটি রোববার (২৪ মে) জানিয়েছে, ব্রাজিলের ৩৮টি আদিবাসী অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশের অন্যান্য স্থানের তুলনায় আদিবাসী এলাকাগুলোতে করোনায় মৃত্যুর হার দ্বিগুণ।

এপিআইবি জানায়, আদিবাসীদের ৯৮০ জনের বেশি করোনা শনাক্তের খবর নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে অন্তত ১২৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, আদিবাসীদের মধ্যে করোনায় মৃতের হার ১২ দশমিক ৬ শতাংশ। অথচ জাতীয় পর্যায়ে এ হার ৬ দশমিক ৪ শতাংশ।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের আদিবাসী স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গহীন আমাজনের একটি ক্ষুদ্র অংশের গ্রামে এ পর্যন্ত ৬৯৫ জন আক্রান্ত এবং ৩৪ জন মারা গেছে। এরা শহরে থাকা আদিবাসী নয়।

দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইন্সটিটিউট (আইএসএ) জানিয়েছে, গহীন আমাজনে খনি শ্রমিকদের অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস প্রথম আদিবাসীদের মধ্যে ছড়ায়

এদিকে, করোনা সংক্রমণে ব্রাজিল এখন নতুন হটস্পট বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুরু থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার পরিসংখ্যান রাখ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণে বিশ্বে ২য় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ২৮৮ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর