পঞ্চগড়ে ৩ নারী কনস্টবলসহ ১৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে নতুন করে আরোও তিন পুলিশ সদস্যসহ ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ফেরত। ১৪ জনের মধ্যে দেবীগঞ্জ উপজেলায় ৮ জন, সদর উপজেলায় ৪ জন ও বোদা উপজেলায় ২ জন।

গত ২০ মে ৬৯ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার পাওয়া ফলাফলে ১৪ জনের পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৫১ জন করোনা পজেটিভ শনাক্ত হল। এই ৬৯ জনই বাইরে থেকে আসা ছিল বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা,গাজীপুর, কুমিল্লা, মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে বাড়িতে ফিরে আসার খবর পেয়ে এদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ১০০৭ জনের মধ্যে ৯২৮ জনের পরীক্ষার ফলাফলে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ১৫ মে ঢাকা থেকে ৮ জন নারী পুলিশ কনস্টবল পঞ্চগড় জেলায় যোগদান করেন। এদের সকলের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর