করোনার শুরু থেকেই অসহায়দের পাশে এমপিরা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই নিজ এলাকায় অসহায়দের পাশে রয়েছেন।

রোববার (২৪ মে) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বেশিরভাগ সংসদ সদস্য এলাকায় যাননি- এমন একটি রিপোর্টের বিষয়ে প্রশ্নের জবাবে করোনা মোকাবিলায় সংসদ সদস্য এবং মন্ত্রীদের আন্তরিকতা ও কর্মব্যস্ততা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশে একটি চিহ্নিত মহল আছে, যারা বিরাজনীতিকরণ করতে চায় এবং তাদের অনেকেই ওয়ান-ইলেভেন সরকারের সমর্থক ও সুবিধাভোগী। এ মহলটি রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার অশুভ উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট পরিবেশন করে, যা সমীচীন নয়।

মন্ত্রী বলেন, আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছিল, সেটি সবার জন্যই প্রযোজ্য। আর সংসদ সদস্যরা এলাকায় গেলে কিছু লোকসমাগম হয়ই। সেটি যথাসম্ভব এড়ানোরও প্রয়োজন ছিল। কিন্তু বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ, যাদের বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছিল তারা ও দু’একজন ব্যতিক্রম বাদে প্রত্যেক সংসদ সদস্যই নিজ এলাকায় ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছেন ও নিচ্ছেন।

নিজ এলাকায় করোনা মোকাবিলার কথা বলতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, এরমধ্যেই বেশ কয়েকবার আমাকে এলাকায় যেতে হয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় সমন্বয় সভা করতে হয়েছে। এলাকায় থেকে ত্রাণ তদারক ও বিতরণের পাশাপাশি ঢাকা থেকেও আমি যেমন প্রতিদিন এলাকার খোঁজখবর নিচ্ছি, তেমনি অন্য সংসদ সদস্যরাও নিচ্ছেন।

এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

অসহায়দের পাশে দাঁড়ানোতেই ঈদ অর্থবহ হবে বলে জানান হাছান মাহমুদ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর