নারায়ণগঞ্জে সিগারেটের আগুনে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৪

করোনা আতঙ্কের মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি চায়ের দোকানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দোকানদারসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে উপজেলার আড়াইহাজার বাজারের হরমুজ আলীর চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) ও রমজানের ছেলে ইব্রাহীম (২৬)।

এদিকে ঘটনার খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন ও আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ সুন্দর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. শাহজাহান বলেন, কেউ সিগারেট খেয়ে দোকানের সেপটিক ট্যাংকে আগুন ফেলেন। আগে থেকে সেপটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। সিগারেটের সুপ্ত আগুনে সেই গ্যাস বিস্ফোরণ হয়ে সেখানে আগুন লেগে যায়। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর