পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই প্রথম করোনাভাইরাসে কোনো পরিদর্শক মারা গেলেন। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনায় মারা গেলেন।
আজ রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান।
রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্যটি নিশ্চিত করে বলেন, চলতি মাসের ২ তারিখ তিনি অসুস্থ হয়ে করোনা পরীক্ষা করান। পরদিন টেস্টে পজিটিভ ধরা পড়ে। ৪ মে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে নেয়া হয় আইসিইউতে। এতোদিন তিনি আইসিইউতে ছিলেন।
তিনি আরও বলেন, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি চাঁদপুর। কর্মস্থল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।
বার্তাবাজার/এমকে