মেহেরপুরে বাড়ি থেকে পালিয়েছে করোনা আক্রান্ত ব্যক্তি

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বাড়ি থেকে পালিয়েছে কোভিড-১৯ পজিটিভ এক ব্যক্তি। নারায়ণগঞ্জ ফেরত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার নমুনা পরীক্ষায় পজিটিভ হলে প্রশাসন তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে। তার পালিয়ে যাওয়ার কারনে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ ও ইউপি চেয়ারম্যান।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বার্তা বাজার কে জানান, খবর নিয়ে জেনেছি ওই ব্যক্তি নারায়ণগঞ্জে রিকশা চালাতেন।সে এক সপ্তাহ আগে নিজ বাড়িতে ফিরলে তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। নমুনা পরীক্ষায় পজিটিভ হলে স্বাস্থ্য বিভাগ তাকে শনিবার রাত থেকে তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। রাতেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। সকালে বিষয়টি টের পেয়ে আমরা প্রশাসনকে অবগত করি।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শাদিয়া আক্তার মুঠোফোনে বলেন, আমরা সকালে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করতে গিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়েছি।

গাংনী থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমান বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর