করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৯ হাজার ৬৯৮। এর মধ্যে তিন লাখ ৪২ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রথম শনাক্ত হওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত ১ এপ্রিল এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছায়। এরপর প্রতি দুই সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা ১০ লাখ করে বেড়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে লাতিন আমেরিকায়। এর বেশিরভাগই আক্রান্ত হয়েছে ব্রাজিলে। সম্প্রতি রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে ব্রাজিল।

ব্রাজিলে এখন পর্যন্ত তিন লাখ ৪৭ হাজার ৩৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর