চীনের উহান হচ্ছে করোনার উৎপত্তিস্থ। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই শহরটিতে ১৪ লাখ ৭০ হাজার ৯৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। গত শুক্রবার করা এ পরীক্ষায় নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। শহরের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবারই এ পরীক্ষা করা হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ১৪ মে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে শুধু গত শুক্রবারই ১৪ লাখ ৭০ হাজার ৯৫০ জনের পরীক্ষা করা হয়। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, পরীক্ষায় নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। গতকাল শনিবার নগরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে, ১৪ মে শুরুর দিনে লক্ষাধিক পরীক্ষা সম্পন্ন হয়। পরদিন থেকে তা বাড়তে থাকে। গত ১৮ মে এক দিনে শহরটির ৪ লাখ ৬৭ হাজার ৮৪৭ জন বাসিন্দার নিউক্লেইক অ্যাসিড টেস্ট করা হয়। গত বৃহস্পতিবারের মধ্যে দৈনিক পরীক্ষার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এদিন উহানের ১০ লাখ ৭২৯ জন বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছিল।
সবার করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগকে উহানের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আবার শুরু করার সবচেয়ে নিরাপদ উপায় হিসেবে বিবেচনা করছে স্থানীয় কর্তৃপক্ষগুলো।
কেএ/বার্তাবাজার