সারাদেশের ভিতরে করোনা রোগীর নমুনা সংগ্রহে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! শনিবার (২৩ মে) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এই প্রতিবেদকের নিকট বিষয়টি দৃশ্যমান হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর তথ্য অনুযায়ী আজকে (শনিবার) পর্যন্ত সর্বমোট ১৫৭১ জনের নমুনা সংগ্রহ হয়েছে যা বাংলাদেশের যেকোনো উপজেলায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে বিরল!!

সরেজমিন দেখা যায়, সুন্দর এবং সারিবদ্ধভাবে তালিকা অনুযায়ী পরীক্ষা করতে আসা রোগীরা তাদের নমুনা প্রদান করছেন। অপরদিকে যাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে তারাও সারিবদ্ধভাবে তাদের রিপোর্ট সংগ্রহ করছেন। এই প্রতিবেদকের নিকট এক্ষেত্রে কোনো অনিয়মের বিষয় নজরে আসে নাই।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিমীত জনবল অথচ দৃষ্টান্ত হয়ে থাকার কথা সাভার উপজেলায় যেভাবে মনে প্রাণে কাজ করে যাচ্ছে উপজেলায় কর্মরত আমাদের কর্মকর্তা ও কর্মচারীগণ। হাজার স্যালুট জানাই তাদের।দায়িত্বের বাহিরে আমরা দায়িত্ব পালন করছি।

তবে এভাবে সেবা অব্যাহত রাখা কতদিন এভাবে সম্ভব হবে বুঝতে পারছি না। নেগেটিভ মনের মানুষ অনেক দেখছি যারা চায় আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের মনোবল উল্টাপাল্টা লিখে দূর্বল করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য। কিন্ত তারা জানে না সাভার উপজেলায় যারা চাকুরী করে সবাই মেধাবী ও মানবিক। তাই কখনো তা হবে না, আমরা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম,আছি এবং থাকবো।

বার্তা বাজারকে তিনি আরও জানান, সাভার উপজেলায় এ পর্যন্ত মোট ১৫৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যা একটি উপজেলায় কেনো, অনেক জেলাতেও সম্ভব নয়। তাই আমার টিমের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সাভারবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ আমাদের সাথে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের সবাইকেও। তাদেরকে আমরাই প্রশিক্ষণ দিয়েছি।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ইতোমধ্যে সাভারে ১২টি ইউনিয়নে ‘রোস্টার’ করা হয়েছে। এই ১২টি ‘রোস্টার’ অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। আর একাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে সহযোগিতা করছেন স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআই, এমটি ল্যাব, সেনেটারি ইন্সপেক্টর সহ স্বেচ্ছাসেবকগন।
সাভারের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে তিনি জানান, আজ (শনিবার) মোট ৮৩ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে যার রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায় নাই। গতকাল শুক্রবার (২২ মে) মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো, তারমধ্যে ২১ জনের পজিটিভ এসেছে। আজ (২৩ মে) পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫৭১ জনের। গতকাল শুক্রবার (২২ মে) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৪ জন এবং আক্রান্তদের ভিতর মোট ৫ জনের মৃত্যু হয়েছে। হোম আইসোলেশনে রয়েছেন ১২৭ জন এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, শনিবার (২৩ মে) রাত ৮:৩০ মিনিট পর্যন্ত ধামরাইয়ে মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭৮৭ জনের। এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ৪ জন। এরা উপজেলার পূর্ব পঞ্চাশ, কালামপুর ও পাঠানটুলা এলাকার বাসিন্দা। মোট ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এই উপজেলায় এখনও পর্যন্ত কেউ মারা যান নাই এই রোগে আক্রান্ত হয়ে।
কেএ/বার্তাবাজার