ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, ৫ ছিনতাইকারী গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে চালকের হাত-পা ও মুখ বেধে টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার ছিনিয়ে নেওয়ার ঘটনার ৮ দিন পর পুলিশ প্রাইভেটকারটি উদ্ধার করেছে এবং ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। শনিবার ( ২৩ মে) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলা সদরের গয়েশপুর রথখোলা এলাকার এস্কান প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ওরফে জ্যাক, সাদিরাজপুর গ্রামের সাইফুল প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (২২), একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম (২১) এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের লুৎফর রহমনের ছেলে মাহবুবুর রহমান শাওন (২০)।

প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চলতি বছরের ১২ মে ৪জন দুর্বৃত্ত রনি নামের এক চালককে ঢাকা সাভার থেকে পাবনা আসার কথা বলে টয়োটা ব্যান্ডের (ঢাকা মেট্রো-গ-৩১-৯১৪৮) প্রাইভেট কার ভাড়া করে পাবনায় আসে। সেখানে দুর্বৃত্তরা ভাড়ার টাকা কম আছে বলে রনিকে জানায় আর পাবনা বাস টার্মিনাল এলাকায় আরেক দুর্বৃত্তের বড় ভাই বাকি টাকা এনে পরিশোধ করবে বলে রনিকে টার্মিনালে যেতে বলে। গাড়ী গাছপাড়া এলাকায় আসতেই গাড়ি থামিয়ে রনিকে এলোপাথাড়ি মারতে থাকে। এরপর রনিকে হাতমুখ বেধে দাশুরিয়া মুলাডুলি হয়ে বড়াইগ্রামের রাজাপুর হয়ে বনপাড়া-দাশুরিয়া মহাসড়কের নির্জন স্থানে ড্রাইভার রনিকে গাড়ী থেকে ফেলে দিয়ে গাড়ী নিয়ে পালিয়ে যায়। এরপর রণি এলাকাবাসীর সহায়তায় বড়াইগ্রাম থানায় এসে অভিযোগ করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৭ মে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় পাবনা সদর থেকে জাহাঙ্গীর হোসেন জ্যাককে আটক করে তার কাছ থেকে লুণ্ঠিত কারটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১৯ এবং ২০ মে ঢাকার আশুলিয়া থেকে হৃদয় (২২), সোহেল (২৬), মাহবুব শাওন (২০) ও আশরাফুল নামে ৪ ডাকাতকে আটক করা হয়। পরে তাদের আদালতে নেয়া হলে তারা গ্রেফতারকৃতরা শুক্রবার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর