সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের জাফলং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কালা মিয়া (৩৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কালা মিয়া পেশায় পাথর শ্রমিক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালা মিয়াসহ দুজন কাঠ আনার জন্য ছোট নৌকা নিয়ে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় দুইশ মিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই কালা মারা যান। অপর শ্রমিক দ্রুত নৌকায় মরদেহ নিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

পরে খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বিজিবি ও পুলিশসহ জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালা মিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর