অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩৫৭৪ সদস্য করোনায় আক্রান্ত

মহামারি করোনাভাইরাসের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে দেশে ৩ হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন অতিরিক্ত ডিআইজিও রয়েছেন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সদর দফতর এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদর দফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার একজন, পুলিশ সুপার পদ মর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদ মর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদ মর্যাদার ৩৮৬ জন, সহকারী উপ-পরিদর্শক পদ মর্যাদার ৪৮১ জন কর্মকর্তা রয়েছেন। আর দুই হাজার ৫৬২ জন হচ্ছেন কনস্টেবল।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হারও।

পুলিশের অপর সূত্রটি জানায়, শনিবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৯১ জন। কোয়ারেন্টিনে আছেন চার হাজার ৮১ জন। আইসোলোশনে আছেন এক হাজার ৮৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১৬ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর