ঈদ উপহার নিয়ে হাজির হলো ‘আমরা একতা’

বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে নিজ ঘরে আটকে পড়া কর্মহীন শ্রমজীবী খেটে খাওয়া হতদরিদ্র মধ্যবিত্ত মানুষ এখন গৃহবন্দী। কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য করতে না পেরে অনেকে এখন মানবেতর জীবন যাপন করছে। জাতির এই ক্রান্তিকালে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ালো ‘আমরা একতা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সামাজিক দূরত্ব মেনে জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই ঈদুল ফিতরের উপহার সমাগ্রী সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকশ অসহায় ও মধ্যবিত্তের ঘরে ঘরে পৌঁছে দেন।

দেশের এ সংকটময় মুহুর্তে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী হাতে পেয়ে এসব কর্মহীন, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ খুবই আনন্দিত। উপহার সামগ্রীর মধ্যে ছিলো দুই প্রকার সেমাই, চিনি, গুঁড়াদুধ ও কিসমিস ইত্যাদি।

সংগঠনের সদস্যরা বলেন, ‘জীবনের শেষদিন পর্যন্ত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দেশ-বিদেশের ধনী ও বিত্তবান সাদা মনের মানুষের আর্থিক সহযোগিতা পেলে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারব।’

তারা আরও বলেন, সারা বিশ্বে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা ও যারা ইতোমধ্যে মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

‘আমরা একতা’ সংগঠনে রয়েছেন আব্দুল্লাহ্ সুমন, মো. রাজিব গাজী, আমিনুর রহমান, সোহান শিকদার, আমজাদ হোসেন জুয়েল, রাকিবুল ইসলাম সহ বেশ কয়েকজন স্বপ্নবাজ তরুণ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর