দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মৃত্যুর মিছিলে যুক্ত হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। এপর্যন্ত পুলিশের ১২ সদস্য মরণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) রাত ১১টায় রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন পঞ্চাশোর্ধ্ব এ বীর পুলিশ কর্মকর্তা। তিনি রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স বা আরআরএফে (এসআই-সশস্ত্র) কর্মরত ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। শুক্রবার তিনি পুলিশ লাইন হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর তাকে রাজশাহীর খ্রিস্টান হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি পাবনায়। রাজশাহী শহরে তিনি ভাড়া থাকতেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ডিএমপি।
বার্তাবাজার/এমকে