মানবিক চেয়ারম্যানের এক হাজার কর্মহীনদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র রমজানের ২৮তম দিনেও একহাজার হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার (২২ মে) বিকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে নিজের সরকারি বাসভবনের সামনে আগত কর্মহীন একহাজার মানুষের মাঝে মঞ্জুরুল আলম রাজীবের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ছবি : বার্তা বাজার

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

বর্তমানে সাভার উপজেলার এই মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ঘূর্ণিঝড় আম্ফানে সাতক্ষীরা এলাকায় মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সাথে সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে রয়েছেন। এব্যাপারে মুঠোফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, পবিত্র রমজানের শেষ দিন পর্যন্ত হতদরিদ্রদের মাঝে আমার নিজস্ব অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ চলমান থাকবে। এছাড়া, যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই সাভারে মঞ্জুরুল আলম রাজীব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ান। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুড়ি হাজারেরও অধিক পরিবার প্রত্যক্ষভাবে মঞ্জুরুল আলম রাজীবের থেকে কয়েকদফায় খাদ্য সহায়তা পেয়েছে। এছাড়া পবিত্র রমজানের শুরুর দিন থেকে হাজার হাজার কর্মহীন ও হতদরিদ্র রোজাদার প্রতিদিন তাঁর ব্যক্তিগত অর্থায়নে উন্নতমানের ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি গ্রহন করেন। এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নেও বিস্তৃত করেন এই মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর