ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা সংক্রমণ পরিস্থিতিতে রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে বাচ্চু মিয়া (৫৪) ও জয়নাল মিয়া (২২) নামে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পানিশ্বর শোলাবাড়ী গ্রামের বাসিন্দা দানা মিয়ার সঙ্গে বাড়ির রাস্তার জায়গা নিয়ে তার প্রতিবেশী মলয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে শুক্রবার ভোরে প্রথম দফায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিষয়টি মীমাংসা করার জন্য সকাল ৮টার দিকে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন গ্রামের সর্দার মাতব্বররা। কিন্তু মীমাংসা না হওয়ায় সালিশ বৈঠকের পর আবারও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষের লোকজন। দফায় দফায় চলা সংঘর্ষে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন জানান, রাস্তা সংক্রান্ত তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেননি। দাঙ্গাবাজদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে।
বার্তাবাজার/এমকে