করোনা: বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি ৪৫০০ টাকা

বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে করোনার পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৩৫০০ টাকা দিয়ে নমুনা পরীক্ষা করানো যাবে। তবে কোনো প্রতিষ্ঠান বাড়িতে গিয়ে রোগীর নমুনা সংগ্রহ করলে বাড়তি ১ হাজার টাকা ৪৫০০ টাকা খরচ হিসেবে নিতে পারবে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকার মধ্যে দুইটি বেসরকারি প্রতিষ্ঠান— আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বায়োমেড ডায়াগনস্টিকস পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ফি (অন্তঃবিভাগ ও বহিঃবিভাগের রোগীদের জন্য ৩,৫০০ টাকা, বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে অতিরিক্ত আরও ১০০০ টাকা) দিয়ে এসব জায়গায় কোভিড-১৯ পরীক্ষা করানো যাবে।

এর আগে, ঢাকায় এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশে লিমিটেড, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, ল্যাব এইড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল ও কেয়ার মেডিক্যাল কলেজকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হয়।

এছাড়াও রাজধানী ঢাকার বাইরে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্রগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেডে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করানো হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর