‘রিপোর্ট পেতে বিলম্ব হলে পজিটিভ রোগীরা ঘুরে বেড়াবে ও বাড়বে সংক্রমণ’-সায়েমুল হুদা

সাভারে করোনা রোগীদের নমুনা রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বিলম্বিত হলে পজিটিভ রোগীরা স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবে এবং ফলে দিন দিন সংক্রমণের হার বাড়বে বলে জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা। বৃহস্পতিবার (২১ মে) মুঠোফোনে বার্তা বাজারের প্রতিনিধিকে একথা জানান তিনি।

করোনা পরিস্থিতির কারণে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের ল্যাবে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো শুরু করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখান থেকে রিপোর্ট তাদের কাছে আসার পরেই মূলত জানা যায় কে করোনা আক্রান্ত হয়েছেন এবং সেই অনুযায়ীই স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহন করে। কিন্তু এই রিপোর্ট আসতে বিলম্ব হলে যারা করোনা পজিটিভ তারা সেটা না জানার কারণে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়ায় এবং অন্যদেরকে সংক্রমিত করে।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা বার্তা বাজারকে জানান, গতকাল বুধবার মোট ১১৩ জনের নমুনা সংগ্রহ করে বিএলআরআই এর ল্যাবে পাঠানো হয় যার রিপোর্ট এখনও তাদের হাতে আসে নাই। আজ (বৃহস্পতিবার) মোট ৫৬ জনের নমুনা সংগ্রহ করে একই ল্যাবে পাঠানো হয়েছে যা হয়তো আগামীকাল পাওয়া যাবে।

এখন দিনের রিপোর্ট দিনেই যদি পাওয়া না যায় তবে প্রেরিত নমুনার ভিতরে যারা আসলেই করোনা পজিটিভ শনাক্ত হবেন, তারাতো বিষয়টি না জানার কারণে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াবেন এবং অন্যদেরকে সংক্রমিত করবেন। এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিংবা উপজেলা প্রশাসনের করার কিছুই থাকে না।

প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় নিয়েও কথা বলেন তিনি। সেটা হলো এই করোনা দূর্যোগের সময়ে যারা স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষর কপি করে ২০০ টাকার বিনিময়ে অন্যদের নিকট কার্ড বিতরণ করছেন তারা যাহা কোন ভাবেই কাম্য নয়।

নিয়মানুযায়ী যাদেরকে কার্ড প্রদান করা হয়েছে, দূর্যোগের পর সবাই কার্ড ফেরত দিতে বাধ্য থাকবেন তারা। আর বর্তমানে নতুন কাউকে কার্ড প্রদান করা হচ্ছে না। যদি অভিযোগ পাওয়া যায় ও তা প্রমানিত হয় তাহলে এদের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলায়ও নতুন করে করোনা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হন নাই। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা মুঠোফোনে একথা জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর