উখিয়ায় আনুষ্ঠানিক ভাবে চালু হলো কোভিড-১৯ আইসোলেশন হাসপাতাল

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ায় আনুষ্ঠানিক ভাবে চালু হলো পূর্ণাঙ্গ কোভিড-১৯ আইসোলেশন হাসপাতাল। এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, “এসআরআই আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র” নামে প্রতিষ্ঠিত ২০০ শয্যা বিশিষ্ট জেলার প্রথম পরিপূর্ণ কোভিড হাসপাতালটির উদ্বোধন করেন।

ছবি:বার্তাবাজার।

সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কোভিড হাসপাতালের অর্থায়নকারী প্রতিষ্ঠান ইউএনএইচসিআর-এর কক্সবাজার অফিস প্রধান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান, আরআরআরসি অফিসের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তার, রিলিফ ইন্টারন্যাশনাল ও ব্র‍্যাকের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই হাসপাতাল করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে সমন্বয়ের মাধ্যমে এই হাসপাতাল নির্মাণ করায় ইউএনএইচসিআর সহ হাসপাতাল সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

কক্সবাজার জেলা সদর থেকে ৩৫কিলোমিটার দূরে উখিয়া সদরের উখিয়া কলেজের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের সাথে এ হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর এর অর্থায়নে রিলিফ ইন্টারন্যাশনাল ও দেশীয় এনজিও ব্র‍্যাকের সহযোগিতায় হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় হাসপাতালের অবকাঠামো নির্মাণ, মেডিকেল যন্ত্রপাতিসহ আনুসাঙ্গিক সকল কাজ করেছে দেশের এনজিও ব্র্যাক। এ হাসপাতালে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের চিকিৎসা হবে।

স্থানীয় জনগণের জন্য এই হাসপাতালের সুবিধা সর্বোচ্চ ব্যবহার করার আশ্বাস দিয়ে উখিয়ার ইউ এন ও নিকারুজ্জামান চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় আক্রান্ত রোগীদের হাসপাতালে জরুরি আবাসিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

ছবি:বার্তাবাজার।

এক শিফটে ৫০ জন করে প্রতিদিন তিন শিফটে ১৫০ জন চিকিৎসক, নার্স, বয়, আয়া, মেট্রনসহ চিকিৎসাকর্মী দায়িত্ব পালন করবেন এই বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে।

ইতিমধ্যে,হাসপাতালের চিকিৎসাকর্মীদের আবাসনের জন্য উখিয়ার সাগর তীরবর্তী ইনানীর একটি বড় আবাসিক হোটেল দীর্ঘমোয়াদী চুক্তিতে ভাড়া নেওয়া হয়েছে।

সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য তিনটি অ্যাম্বুলেন্স থাকবে হাসপাতালটিতে এ ছাড়া চিকিৎসক ও অন্যান্য কর্মীদের যাতায়াতের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য নতুন এই হাসপাতালে রোগী ভর্তি করা হবে আগামীকাল শুক্রবার থেকে। রোগী ব্যবস্থাপনা বিষয়ে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, আরআরআরসি কার্যালয় ও ইউএনএইচসিআর সমন্বয় করবে।

বর্তমানে কক্সবাজারের রামু ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা করে ১০০ শয্যার কোভিড হাসপাতাল চালু রয়েছে।এ দুই হাসপাতালে স্থান সংকুলান না হলে করোনা রোগীদের উখিয়ায় ২০০ শয্যার কোভিড হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর