পঞ্চগড়ে নতুন করে নরসিংদী ফেরত স্বামী স্ত্রীসহ আরও পাঁচ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্যরা ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। এদের মধ্যে স্বামী (২৫) ও তাঁর স্ত্রীর (২২) বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর গ্রামে।
ঢাকার আশুলিয়া থেকে আসা তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩০ বছর বয়সী, নারায়ণগঞ্জ থেকে আসা দেবীগঞ্জ উপজেলার চেংঠিজারাডাঙ্গা ইউনিয়নের ২৩ বছর বয়সী এবং ঢাকা থেকে আসা আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার ১৯ বছর বয়সী এক যুবক। এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা পজেটিভ শনাক্ত হল। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী জানান, ঢাকা থেকে ফেরার পর ওই স্বামী-স্ত্রীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে। গত ১৮ মে এদের নমূনা সংগ্রহ করে ১৯ মে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার এদের রিপোর্ট পাওয়া গেছে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৯৬৬ জনের মধ্যে ৮২০ জনের পরীক্ষার ফলাফলে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অন্য আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।#
কেএ/বার্তাবাজার