করোনা সংক্রমনের কারণে চলমান লকডাউন অবস্থায় সারাদেশ। সাভারেও একই কারণে কর্মহীন মানুষের দুরাবস্থা দূর করতে মরিয়া সরকার ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) টানা তৃতীয় দিনের মতো আটশো’ হতদরিদ্র কর্মহীন মানুষকে নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাভার পৌরমেয়র আলহাজ্ব আব্দুল গণি।

সাভার পৌরসভার ২ ও ৮ নং ওয়ার্ডের ৮০০ কর্মহীন অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা প্রদানের সময় তাঁর সাথে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় উপস্থিত গণমাধ্যমের সামনে মঞ্জুরুল আলম রাজীব বলেন, করোনা ভাইরাসে আজ সংক্রমিত সারা পৃথিবী। এটা একটা বৈশ্বিক সমস্যা যা আমাদের দেশেও সৃষ্টি হয়েছে। এই সমস্যা উত্তরণে আমরা সাভার উপজেলা আওয়ামী লীগ, সাভার পৌর আওয়ামী লীগ, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনপ্রতিনিধিগণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাভারের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তা অব্যাহত রেখেছি।
আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সাভার পৌরসভার মেয়র সাভার পৌরসভার দুইটি ওয়ার্ডের কর্মহীন মানুষদের নগদ অর্থ প্রদান করছেন। এজন্য আমি তাকে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। যতদিন বাংলাদেশে এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন অসহায় মানুষের পাশে আমরা এভাবেই সহায়তা নিয়ে পাশে থাকবো।

অর্থ প্রদানের সময় উপস্থিত গণমাধ্যমকে সাভার পৌরমেয়র আলহাজ্ব আব্দুল গণি জানান, করোনার কারণে সাভার পৌরসভার কর্মহীন অসহায় ও দরিদ্র ৪০০০ পরিবারের মাঝে আমার নিজ তহবিল থেকে ২০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। আজ (বৃহস্পতিবার) দুইটি ওয়ার্ডে আটশো’ দুঃস্থ মানুষকে “মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার” হিসেবে আমার নিজস্ব তহবিল থেকে এই নগদ অর্থ প্রদান করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।
এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব ছাড়াও আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেয়রপুত্র ফারুক হাসান তুহিন, সাভার পৌরসভার প্যানেল মেয়র এবং ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ৷
কেএ/বার্তাবাজার