পুলিশের নজর এড়াতে ট্রাকে ত্রিপলের নিচে বাঁধা ছিল সেই ১৩ যাত্রী

করোনা আতঙ্কের মধ্যেই গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশের চোখ এড়াতে রড বোঝাই ট্রাকের ওপরে শক্ত ত্রিপলে বাঁধা ছিল। যার ফলে বেঁচে ফিরতে পারেন নি তারা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গাজীপুর থেকে রড বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৬৯৮) অবৈধভাবে যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকের চালক-হেলপার পুলিশের চোখ ফাঁকি দিতে যাত্রীদের শক্ত ত্রিপল দিয়ে ঢেকে-বেঁধে নেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শত চেষ্টা করেও ত্রিপলের ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি।

ওসি আরও জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে শুধু ট্রাকটি উদ্ধার করা হয়। তখন খাদে রড-ত্রিপলের নিচে এতোগুলো মানুষ চাপা পড়ে আছে সেটা সবার অজানা ছিল। পরে দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থলে খাদ থেকে রড ওপরে তোলার সময় ত্রিপলের নিচ থেকে একে একে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাই পুরুষ ছিলেন। এদের মধ্যে তিনজন শিশু।

তিনি আরও বলেন, নিহতদের লাশ হাইওয়ে থানায় রয়েছে। তাদের পরিচয় শনাক্তসহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিয়য়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর