সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসল। উপড়ে পড়েছে গাছপালা। বিভিন্ন স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। এর প্রভাবে আজ সারাদেশেই ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকৈ ৮০ কিলোমিটার বেগেও ঝড়-বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আম্ফানের প্রভাবে বাংলাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে।
তাতে জানানো হয়, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১৫ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার অথবা তার চেয়ে বেশি বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বার্তাবাজার/এমকে