দেশে করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছুই ছুই। এ সময়কালে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশির সংখ্যাও কম নয়। বরং দেশের তুলনায় প্রবাসে প্রায় দ্বিগুণ বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত অনেকের নাম প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকায়। এরই মধ্যে এই ভাইরাসে অনাকাক্সিক্ষত মৃত্যুবরণ করেছেন ৬৯০ জনের মতো বাংলাদেশি।
গতকাল পর্যন্ত সারাবিশ্বে ২৫ হাজারেরও বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে বাংলাদেশের নাগরিকদের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে গতকাল বুধবার পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
একক দেশ হিসেবে সব থেকে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। এখানে প্রায় সাড়ে ১৪ হাজারের মতো বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে কোন বাংলাদেশি মৃত্যুবরণ করেননি। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১২ জন বাংলাদেশি মারা গেছেন।
করোনায় বর্তমানে সব থেকে বেশি ভয়াল থাবা ফেলেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা সব থেকে বেশি খারাপ। বিশ্বের মোট আক্রান্তের তিনভাগের একভাগেরও বেশি যুক্তরাষ্ট্রে। মৃত্যুও সব থেকে বেশি যুক্তরাষ্ট্রে।
জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ১৬ লাখ ১০ হাজারের মতো। মৃতের সংখ্যা ৯৩ হাজারের মতো। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে মারা গেছেন সব থেকে বেশি বাংলাদেশি। গতকাল পর্যন্ত ২৬৮ জন বাংলাদেশি মারা গেছেন দেশটিতে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সব থেকে বেশি
বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সৌদি আরবে। সৌদি আরবে ১১২ জন বাংলাদেশি করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ কোন দেশের কত নাগরিক মারা গেছেন ও আক্রান্ত হয়েছেন এ নিয়ে কোনো তথ্য সরকারিভাবে জানায় না। বিশেষ করে কারও মৃত্যু হলে তা পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়।
তাই স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়, হাসপাতাল এসব নানা সূত্র থেকে আক্রান্ত ও মৃতদের তথ্য সংগ্রহ করতে হয়। তবে মিশন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে ওই দুই দেশের প্রত্যেকটিতে আক্রান্তের সংখ্যায় কয়েক হাজার হতে পারে। সূত্র জানায়, নিউইয়র্কে বাংলাদেশ মিশনে জরুরি যোগাযোগে একটি চিকিৎসক পুল তৈরি করেছে, যেখানে ঘরে বসে বাংলাদেশিরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন এবং আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদপেক্ষ নিতে পারবেন।
বিদেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সাড়ে ১৪ হাজারের মতো। সিঙ্গাপুরের পর সৌদি আরবে সাড়ে সাত হাজার এবং কাতারে তিন হাজারের মতো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৭ দেশে ৬৯০ জন বাংলাদেশি করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৬৮ জন, যুক্তরাজ্যে ২০১, সৌদি আরবে ১১২, সংযুক্ত আরব আমিরাতে ৪৬, কুয়েতে ১৮, ইতালিতে ৯, কানাডায় ৯, ফ্রান্স ৫, স্পেনে ৫, কাতারে ৬, সুইডেনে ৮, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
কেএ/বার্তাবাজার