বঙ্গোপসাগরে সৃষ্ট সুপারসাইক্লোনটির বর্ধিতাংশ অতিক্রম শুরু করেছে বাংলাদেশের সীমানা। আম্ফানের প্রভাবে নারী-শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যুর হয়েছে।
এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে অধিকাংশ মানুষকে। আম্পানের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। ফুলে ফেঁপে উঠেছে সাগর ও নদ-নদী। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে বরগুনা, বরিশাল, বাগেরহাটসহ উপকূলের বেশিরভাগ জেলায় জারি রয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত বারোটা নাগাদ বাংলাদেশ সীমানা অতিক্রম করেছে সুপার সাইক্লোনের প্রবল অংশটি। এখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ‘আম্পান’
পটুয়াখালী: বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পরে রাশেদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ভোলা: আম্ফানের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার চরফ্যাশনের দক্ষিণে একটি গাছ ভেঙে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা: ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় করিমুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দেওয়া ধসে শাহজাহান মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বরগুনা বরগুনা সদর উপজেলার পরীরখান বাজার এলাকায় জোয়ারের পানিতে ডুবে মো. শহীদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
যশোরে ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্তাবাজার/কে.জে.পি