আম্ফানের আঘাত : দেশে মৃতের সংখ্যা বেড়ে ৫
সুপার সাইক্লোন আম্ফান বাংলাদেশ অতিক্রম করছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে দুজন পটুয়াখালীর, দুজন ভোলার এবং একজন সন্দীপের।
জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) বাড়ির পাশে গাছের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। নিহত সিদ্দিক উপজেলার ফকির মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে সকালে চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করা মোহাম্মদ রাফিকুল ইসলাম (৩৫) ফিরছিলেন। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘট থেকে ট্রলারে করে ভোলার ইলিশা ঘাটে আসার পথে মেঘনায় ট্রলার উল্টে নিহত হন তিনি। লকডাউন অমান্য করার কারণে পরিবারের লোকজন তার মৃত্যুর ঘটনা শুরুতে গোপন রাখেন।
বুরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নিহতের লাশ বিকালে তার বাড়ি হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আনার পর পুলিশ ঘটনাটি জানতে পারে।
এছাড়াও পটুয়াখালীতে প্রচারণা কাজ চালাতে গিয়ে পানিতে ডুবে সিপিপির টিম লিডার শাহ আলমের মৃত্যু হয়েছে এবং জেলায় গাছের চাপায় এক শিশু নিহত হয়েছে।
এদিকে সাতক্ষীরা, মোংলা ও নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চলে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। বাগেরহাটের শরণখোলায় দুই কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরায় প্রচণ্ড দমকা হাওয়ার সঙ্গে অশান্ত নদীগুলো। স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট বেড়েছে নদীর পানি। সেইসঙ্গে বাধ ভেঙ্গে যাওয়ার উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা বালুর বস্তা ফেলে বেড়িবাঁধ রক্ষার চেষ্টা চালান।
বার্তা বাজার / ডাব্লিও.এস