উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
বুধবার (২০ মে) রাত ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ। বালিয়াডাঙ্গী উপজেলায় ১৮ বছরের এক যুবতী ও পীরগঞ্জ উপজেলায় ৩২ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা উভয়েই সম্প্রতি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। এছাড়া রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০ বছরের এক যুবক।
উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৯ জন, হরিপুর উপজেলায় ১৬ জন, রাণীশংকৈল উপজেলায় ৫ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
কেএ/বার্তাবাজার